আরএমপি কমিশনারের সঙ্গে বিএসটিএস ও আরজেপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী অঞ্চলের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা দুটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি (বিএসটিএস) এবং রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)-এর একটি প্রতিনিধিদল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আরএমপি সদর দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএসটিএস-এর সভাপতি এবং আরজেপি-এর প্রধান পরিচালক তারেক আবরার সংগঠনের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে তাঁদের নিয়মিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রকাশনা ‘ভার্টেক্স’ (Vertex) ম্যাগাজিনের একটি সৌজন্য কপি উপহার দেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের সংগঠনের চলমান বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম সম্পর্কে পুলিশ কমিশনারকে অবহিত করেন। বিশেষ করে, সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রযুক্তি উৎসব ‘আরজেপি টেক ফেস্ট’ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান এবং রাজশাহী পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও একাডেমিক সাফল্যে বিশেষ অবদান রাখায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান আরজেপি-এর সদস্যরা।
প্রতিনিধিদলের বক্তব্য শুনে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তরুণ প্রজন্মকে প্রোগ্রামিং, রোবোটিক্স ও আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে আরজেপি এবং বিএসটিএস-এর বহুমুখী শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিগত জ্ঞানের বিকাশ ঘটানো গেলে তারা যেমন নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে, তেমনি দেশ ও সমাজকেও অপরাধমুক্ত ও আধুনিক করে তুলতে ভূমিকা রাখবে। তরুণদের এই ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন তিনি।
মতবিনিময়কালে প্রতিনিধিদলের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)-এর সহকারী একাডেমিক সেক্রেটারি বৃত্তিক রায় এবং সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) সেক্রেটারি সাব্বির আহমেদ।