ওষুধ ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস আরএমপির
রাজশাহী নগরীতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ওষুধ ব্যবসার আড়ালে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও মাদক কারবার কঠোর হস্তে দমনের স্পষ্ট বার্তা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে রাজশাহী ওষুধ সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ এবং সহ-সভাপতি শামীম চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশ নেন।
সাক্ষাৎকালে রাজশাহী ওষুধ সমিতির সভাপতি ও অন্যান্য সদস্যরা নগরীতে বৈধভাবে ওষুধ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁদের বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা, ব্যবসায়িক প্রতিবন্ধকতা এবং নিরাপত্তাসংশ্লিষ্ট নানা সমস্যার কথা পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন। আরএমপি কমিশনার অত্যন্ত মনোযোগসহকারে ব্যবসায়ীদের বক্তব্য শোনেন এবং তাঁদের উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তবে ব্যবসায়ীদের আশ্বস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি বলেন, আমদানি নিষিদ্ধ, ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের সংরক্ষণ, বিক্রি ও বাজারজাতকরণ আইনের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি নগরীতে একজন ফার্মেসি কর্মচারীকে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তারের ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশ কমিশনার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওষুধের দোকানের মতো একটি স্পর্শকাতর ও সেবামূলক প্রতিষ্ঠানের আড়ালে মাদক বা নেশাজাতীয় দ্রব্যের কারবার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও কর্মচারীকে কঠোরভাবে সতর্ক করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া রাজশাহী ওষুধ সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।