নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের ২য় দিনের পরীক্ষা সম্পন্ন
‘সেবার ব্রতে চাকরি’-এই মহান প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (অক্টোবর-২০২৬) মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে নওগাঁ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রাথমিক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হওয়া চাকরিপ্রত্যাশীরা দ্বিতীয় দিনের কঠিন এই ধাপে অংশগ্রহণ করেন।
নওগাঁ জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকেই প্যারেড গ্রাউন্ডে উৎসবমুখর ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা শুরু হয়। দ্বিতীয় দিনের নির্ধারিত ইভেন্ট অনুযায়ী প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও সহনশীলতা যাচাইয়ের জন্য ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতিটি ইভেন্টে প্রার্থীদের নির্ধারিত সময় ও মানদণ্ড অনুযায়ী সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় যে আমূল পরিবর্তন ও আধুনিকায়ন আনা হয়েছে, নওগাঁর এই নিয়োগ কার্যক্রমেও তার পূর্ণ প্রতিফলন দেখা গেছে। কেবল শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই নিশ্চিত করতে নিয়োগ বোর্ড এবং দায়িত্বরত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন। পুরো প্যারেড গ্রাউন্ডজুড়ে কঠোর নজরদারির পাশাপাশি যেকোনো ধরনের প্রতারণা বা দালালচক্রের অপতৎপরতা রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিও জোরদার রাখা হয়েছে।
দ্বিতীয় দিনের এই নিয়োগ কার্যক্রম চলাকালে মাঠে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিগণ, নওগাঁ জেলা নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) মাঠ পর্যায়ের তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপগুলোতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর নির্ধারিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।