বুধবার, 11 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আন্তর্জাতিক › কেনেডির সমাধি আড়াল হওয়ার আশঙ্কা, ট্রাম্পের বিজয়তোরণ বন্ধে আদালতে পরিবার

কেনেডির সমাধি আড়াল হওয়ার আশঙ্কা, ট্রাম্পের বিজয়তোরণ বন্ধে আদালতে পরিবার

favicon
আন্তর্জাতিক ডেস্ক:
কেনেডির সমাধি আড়াল হওয়ার আশঙ্কা, ট্রাম্পের বিজয়তোরণ বন্ধে আদালতে পরিবার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২৫০ ফুট উচ্চতার বিশাল বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা। প্রস্তাবিত এই স্থাপনা নির্মাণ বন্ধে আদালতের নির্দেশনা চেয়ে মঙ্গলবার আবেদন করেছেন পরিবারের নয়জন সদস্য।

বার্তা সংস্থা এএফপির ওয়াশিংটন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতে দাখিল করা আবেদনে কেনেডি পরিবারের সদস্যরা দাবি করেছেন, প্রস্তাবিত বিজয়তোরণটি নির্মিত হলে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে সমাহিত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তাঁর পরিবারের সদস্যদের সমাধির দৃশ্য আড়াল হয়ে যাবে। এতে সমাধিস্থলগুলোর নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও ক্ষতিগ্রস্ত হবে।

তাঁদের অভিযোগ, তোরণটির প্রস্তাবিত অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যা ওয়াশিংটনের ঐতিহাসিক লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মধ্যকার সরাসরি দৃষ্টিসংযোগ বাধাগ্রস্ত করবে। গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এই দৃষ্টিসংযোগ পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত বিজয়তোরণটির উচ্চতা হবে ২৫০ ফুট। নির্মিত হলে এটি বিশ্বের সবচেয়ে বড় বিজয়তোরণ হিসেবে পরিচিতি পাবে। ওয়াশিংটনে নিজের রাজনৈতিক ও স্থাপত্যিক স্মারক রেখে যাওয়ার লক্ষ্যে ট্রাম্প যেসব বড় নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন, এটি তার অন্যতম।

উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রবার্ট এফ কেনেডি জুনিয়র এ মামলার নয়জন বাদীর মধ্যে নেই। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা।

জন এফ কেনেডি, তাঁর স্ত্রী জ্যাকুলিন কেনেডি ওনাসিস এবং তাঁদের দুই সন্তানকে ওয়াশিংটনের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়েছে। সেখানে আরও সমাহিত রয়েছেন তাঁর দুই ভাই, সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও এডওয়ার্ড এম কেনেডি। রবার্ট এফ কেনেডির স্ত্রী এথেল কেনেডিকেও একই সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়েছে।

আর্লিংটন সমাধিক্ষেত্রের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত কেনেডি স্মৃতিসৌধটি প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীকে আকর্ষণ করে। সেখানে অবিরাম জ্বলছে একটি চিরন্তন শিখা, যা জন এফ কেনেডির স্মৃতির প্রতীক। সমাধিক্ষেত্রের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। অন্য গুরুত্বপূর্ণ স্থানটি হলো ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধি।

এর আগে চলতি নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক বিচারক প্রস্তাবিত বিজয়তোরণ প্রকল্পের নির্মাণকাজ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। প্রকল্পটির বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন আইনি চ্যালেঞ্জ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতেই এ নির্দেশ দেওয়া হয়। তবে এখনো প্রকল্পটির প্রকৃত নির্মাণকাজ শুরু হয়নি।

এদিকে, ২০২৫ সালের শেষ দিকে ট্রাম্প ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নেন। ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির ভবনের সম্মুখভাগে ছয় মাসেরও বেশি সময় ধরে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ নামটি প্রদর্শিত হয়। তবে নতুন নামকরণকে অবৈধ ঘোষণা করা হলে সেখান থেকে নামটি সরিয়ে ফেলা হয়।

ওয়াশিংটনের ঐতিহাসিক স্থাপনা, জাতীয় স্মৃতিচিহ্ন এবং রাজনৈতিক ঐতিহ্য ঘিরে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে নতুন এই বিজয়তোরণ প্রকল্পকে কেন্দ্র করে কেনেডি পরিবারের আইনি পদক্ষেপ যুক্তরাষ্ট্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।