বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › ‘জুলাই জঙ্গি’ বলে হাসিবের ওপর চাপাতি হামলা!

‘জুলাই জঙ্গি’ বলে হাসিবের ওপর চাপাতি হামলা!

favicon
উপচার ডেস্ক :-
‘জুলাই জঙ্গি’ বলে হাসিবের ওপর চাপাতি হামলা!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর অতিথি হিসেবে বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁর রিসোর্ট থেকে চেকআউট করার কথা ছিল। তবে চেকআউটের আগেই সকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিব আল ইসলাম এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেছিলেন। তাঁরা রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’ ইউনিটে অবস্থান করছিলেন। হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে হাসিব আত্মগোপনে চলে গেছেন বলেও জানান তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। পথিমধ্যে একদল ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে তাঁকে দৌড়ে পালাতে দেখা যায়।

ভিডিওতে হামলাকারীদের একজনকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে শোনা যায়। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার দৃশ্যও দেখা গেছে বলে ভিডিওতে প্রতীয়মান হয়। তবে হামলাকারীদের সবার পরিচয় ও ঘটনার পেছনের কারণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

এ হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।