পবার পাকুড়িয়ার ফাঁকা মাঠে নিষ্ক্রিয় দুটি গ্রেনেড
রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর পড়ে থাকা দুটি গ্রেনেড ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেয় কর্তৃপক্ষ। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড সদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন এক পথচারী। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান।
খবর পেয়ে এএসআই পলাশ বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।
সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার জন্য যাত্রীদের বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করতে বলা হয়। আকস্মিক এ ঘটনায় বিমানবন্দরে আসা যাত্রী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।
পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের নিরাপত্তায় সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এরপরও গ্রেনেড সদৃশ বস্তু দুটি কখন, কীভাবে কিংবা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরবর্তী সময়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সেগুলো নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রাখা হয় এবং বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
গ্রেনেড সদৃশ বস্তু দুটি কারা, কী উদ্দেশ্যে এবং কখন বিমানবন্দরের প্রধান ফটকের পাশে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার প্রধান প্রবেশপথের পাশে এমন বস্তু পড়ে থাকার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টির প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।