রাজশাহী সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপসহ ইঞ্জিন চালিত নৌকা জব্দ
রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় MONOGOLD এবং BRONCOF-C কাশির সিরাপসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বিজিবি। বিজিবি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮:৩০ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সোনাইকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আভিযানিক দল দেখতে পায় যে, ভারত থেকে কিছু চোরাকারবারী ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করছে।
চোরাকারবারীরা বিজিবি টহল দলকে দেখে নৌকা নদীতে রেখে ভারতে পালিয়ে যায়। এরপর বিজিবি’র আভিযানিক দল নৌকাটির তল্লাশি চালিয়ে জব্দ করতে সক্ষম হয়। তল্লাশিতে পাওয়া যায় ১৯৩ বোতল ভারতীয় MONOGOLD কফ সিরাপ এবং ৫ বোতল BRONCOF-C কাশির সিরাপ। এছাড়া একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাও জব্দ করা হয়, যা মালিকবিহীন ছিল।
জব্দকৃত সিরাপ ও নৌকাটি বর্তমানে দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারীর পরিচয় শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযান সীমানায় চোরাচালান রোধে বিজিবির কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।