রাজশাহীতে উদ্ধার হওয়া ৫৬টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশ
রাজশাহীর বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ উদ্ধারকৃত এসব মুঠোফোন মালিকদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগী ৫৬ জন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব সাধারণ ডায়েরির সূত্র ধরে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় নিবিড় অভিযান চালিয়ে ৫৬টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে।
উদ্ধারকৃত হ্যান্ডসেটগুলোর মধ্যে রয়েছে ১১টি ভিভো, ১০টি স্যামসাং, ৮টি রিয়েলমি, ৭টি শাওমি, ৪টি ওয়ালটন, ৩টি ইনফিনিক্স, ৩টি টেকনো, ২টি অপো, ২টি নকিয়া, ২টি পোকো, ২টি সিম্ফনি, ১টি আইটেল এবং ১টি জিডিএল ব্র্যান্ডের ফোন।
মোবাইল ফোন হস্তান্তরকালে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জনগণের সেবা ও নিরাপত্তায় রাজশাহী জেলা পুলিশ সবসময় বদ্ধপরিকর। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই ধরনের সফলতার পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে উপস্থিত সেবাগ্রহীতারা সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করে তারা জানান, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা এতে আরও বৃদ্ধি পাবে। একই সাথে তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।