চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার করল র্যাব
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। অভিযানে ৪ কেজি ৯৫০ গ্রাম গানপাউডার ও ১০টি তাজা ককটেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এসমা কলেজপাড়া এলাকার একটি নির্জন আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নিজস্ব বোম্ব ডিসপোজাল ইউনিটের যৌথ সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। তল্লাশিকালে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ৪ কেজি ৯৫০ গ্রাম গানপাউডার এবং ১০টি শক্তিশালী ককটেল শনাক্ত ও উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকালে ওই এলাকায় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। র্যাবের প্রাথমিক ধারণা, বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে দুর্বৃত্তরা নির্জন আমবাগানে এসব বিস্ফোরক পদার্থ মজুত করে রেখেছিল।
বুধবার সকালে র্যাব-৫ রাজশাহী সদর দপ্তর ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক ও ককটেলগুলো পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।