অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কৃতিত্ব, রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাটের মাহাবুবুর রহমান
অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অবদান রাখায় রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা, কার্যকর মাদকবিরোধী অভিযান এবং থানার সার্বিক প্রশাসনিক কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ময়নুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, ২৭তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তুহিন উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চারঘাট মডেল থানার দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মো. মাহাবুবুর রহমান মাদক নির্মূল, সন্ত্রাস ও চুরি-ডাকাতি প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে আপসহীন ভূমিকা পালন করে আসছেন। অপরাধ দমনের পাশাপাশি থানায় আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত আইনি সেবা পান, সে বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। এর আগেও তিনি ২০১৯ সালে হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটনে অসাধারণ তদন্তের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ‘আইজিপি পুরস্কার’ লাভ করেন। এছাড়া চলতি বছরের মে মাসে হাইওয়ে পুলিশে কর্মরত থাকাকালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড লাভ করেন।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়ে মো. মাহাবুবুর রহমান জানান, এই অর্জন তাঁর একার নয়; চারঘাট মডেল থানার প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং স্থানীয় সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতার ফল। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক। থানায় আসা প্রতিটি ভুক্তভোগী যেন সম্মান ও সেবা পান, সেটিই তাঁদের মূল লক্ষ্য। সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এদিকে রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানকে চারঘাট ও রাজশাহীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।