বাঘায় ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ নারী গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় নিজ বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় দুটি সচল পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও তিনটি ম্যাগাজিনসহ রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নাপিতপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, আলাইপুর এলাকার ওই বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্রের একটি চালান মজুত রয়েছে-এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. স্বপন হোসেন, এসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. নাজমুল সাকিব ও এএসআই মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির অন্যান্য সদস্যরা। তল্লাশির একপর্যায়ে রোজিনা খাতুনের শয়নকক্ষে থাকা কাঠের খাটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি সচল পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থল থেকেই রোজিনাকে আটক করে পুলিশ।
আটক রোজিনা খাতুন আলাইপুর গ্রামের আলতাব হোসেনের মেয়ে এবং স্থানীয় মৃত দুলাল হোসেনের স্ত্রী। প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি একই এলাকার আব্দুস সামাদের ছেলে রুবেল হোসেনের (৪৪) সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সন্তানদের নিয়ে তিনি প্রথম স্বামীর বসতবাড়িতেই বসবাস করে আসছিলেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, আটক রোজিনার দ্বিতীয় স্বামী রুবেল হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, রুবেল হোসেনের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অস্ত্র উদ্ধারের এই ঘটনায় রুবেল হোসেনের সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তাকে আইনের আওতায় আনতে ডিবির একাধিক দল মাঠে অভিযান চালাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।