সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়।
কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনের গ্রিন প্লাজায় এক উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ গ্রেটার রোড প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত জাতীয় নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী তিন মাস মহানগরজুড়ে ধারাবাহিক নজরদারি ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তবে কেবল সিটি কর্পোরেশনের প্রচেষ্টায় ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও সংলগ্ন এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক।
এছাড়াও অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, মোঃ মাহমুদুর রহমান ও জসীম উদ্দিন আরজুসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহসান মাসুম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাসাস মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফ।
এ সময় রাসিকের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড এবং বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে একাত্মতা প্রকাশ করেন।