নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি
নওগাঁর মান্দায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাফি আল জাবের ওরফে নিরব (২২) নামের এক যুবককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার গুরুতর অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার রাতে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাফি আল জাবের তুড়ুকবাড়িয়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে। তিনি অভিযোগ করেন, রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্থানীয় পারভেজ হোসেন, সুলতান মাহমুদ ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে ৭-৮ জন যুবক তাঁর পথরোধ করে। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি তিন রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি কৌশলে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।
অভিযুক্তরা হলেন তুড়ুকবাড়িয়া এলাকার সুলতান মাহমুদ (২১), পারভেজ হোসেন (২৭) ও ফয়সাল মাহমুদ রোকন (২৫)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সুলতান ও পারভেজ এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ভুক্তভোগী নিরব। স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত সুলতান ও পারভেজ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত স্থানীয় এক চাঞ্চল্যকর শরিফ উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি তাঁরা জামিনে কারামুক্ত হয়ে এলাকায় পুনরায় সক্রিয় ও বেপরোয়া হয়ে উঠেছেন। মঙ্গলবার রাতের ওই গুলির শব্দে আশপাশের সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভুক্তভোগী সাফি আল জাবের জানান, ঘটনাটি নিয়ে তিনি অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।