শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষকদের মতবিনিময়
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি ঝরে পড়ার হার রোধের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক বিশেষ ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টির পাশাপাশি তাদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদ্যালয়গুলোতে পুষ্টিকর খাবার সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা গেলে তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে। এ কর্মসূচি সফল করতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ এবং স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন।
কর্মশালায় অংশ নিয়ে প্রধান শিক্ষকেরা ফিডিং কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।