সিরাজগঞ্জে পুনাকের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিরাজগঞ্জ জেলা শাখা। সরকারের নির্দেশনার আলোকেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (ডিআইজি)র সহধর্মিণী ও রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে মিসেস শামীম আরা হক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে, রোপিত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন। এ ছাড়াও তিনি উপস্থিত শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। পরে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স চত্বরে নিজেই একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ জেলা পুনাকের আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপারের সহধর্মিণী ও রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী তাপসী রাবেয়া। এ সময় সিরাজগঞ্জ জেলা পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।