সিল্ক সিটির পরিচিতি বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রস্তুত রাজশাহী রানার্স কমিউনিটি
শিক্ষা, পরিবেশ ও ঐতিহ্যের জনপদ রাজশাহীতে এখন বইছে এক নতুন ক্রীড়া উৎসবের দারুণ হাওয়া। নগরবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রাজশাহীর ঐতিহ্যবাহী ‘সিল্ক সিটি’ পরিচিতিকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরার উদ্দেশ্যে খুব শীঘ্রই আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মেগা ইভেন্ট ‘রান ফর সিল্ক সিটি’। ‘সিল্ক সিটি রানার্স কমিউনিটি, রাজশাহী’-এর সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশাল ইভেন্টকে কেন্দ্র করে স্থানীয় দৌড়বিদ, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এই আয়োজনকে নিখুঁত, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তোলার লক্ষ্যে সম্প্রতি রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সিল্ক সিটি রানার্স কমিউনিটির আহ্বায়ক মো. মুরাদুলজামান এলানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. হাসিবুল হাসনাত রেজভী ও আবদুল্লাহ আল নোমান জিহাদ। এছাড়া প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকল, উপদেষ্টা রিক্তা পারভিন এবং জেলা ক্রীড়া সংস্থার মোজাম্মেল হক, সাদেকুল ইসলাম বিপ্লব, হাসিকুল আলম সাওন ও মনিরুজ্জামান মুনের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি এবং নগরের প্রায় ৩০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব এই প্রস্তুতি সভায় সক্রিয়ভাবে যোগদান করেন।
শিক্ষার্থী ও নতুন রানারদের কথা বিশেষভাবে বিবেচনা করে প্রস্তুতিমূলক সভায় বেশ কিছু যুগান্তকারী ও আনন্দদায়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাত ৮টায় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ইভেন্টের বেশ কিছু কাঙ্ক্ষিত আপডেট প্রকাশ করা হবে। যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বাজেটের কথা মাথায় রেখে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি-র নতুন বার্তা, মনোরম রাজশাহী শহরের আকর্ষণীয় দৌড়ের পথ নির্দেশিকা বা রুট ম্যাপ এবং কাস্টমাইজড প্রিমিয়াম জার্সি ও চীন থেকে তৈরিকৃত দৃষ্টিনন্দন অফিসিয়াল মেডেলের প্রথম ঝলক।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, রাজশাহী কেবল ঐতিহ্যবাহী শিক্ষা নগরী হিসেবেই সুপরিচিত নয়, বরং আম, রেশম এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য জনপদ। দেশের দূর-দূরান্ত থেকে আসা দৌড়বিদদের এই আয়োজনে শামিল করার মাধ্যমে রাজশাহীর ইতিবাচক ভাবমূর্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে অলস জীবনধারা পরিহার করে তরুণ প্রজন্মকে নিয়মিত দৌড় ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সুস্থ ও উদ্যমী প্রজন্ম গড়ে তোলাই এই ম্যারাথনের মূল লক্ষ্য। রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একই সুতোয় বাঁধার চমৎকার এই উদ্যোগে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।