মানসনদহীন মিষ্টি বিক্রির দায়ে রাজশাহীতে ২০ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়া মিষ্টি, দই ও ঘি উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না রাখার অপরাধে রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর ভদ্রা মোড় এলাকায় অভিযান চালিয়ে ‘আরাফাত মিষ্টি’ নামের ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের বৈধ মানসনদ ব্যতিরেকেই মিষ্টি উৎপাদন ও বিক্রি করে আসছিল। পাশাপাশি লাইসেন্স নবায়ন ছাড়াই অবৈধভাবে দই ও ঘি প্রস্তুত করে বাজারজাত করা হচ্ছিল। এছাড়া প্রস্তুতকৃত পণ্যের মোড়কে বাধ্যতামূলক উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছিল। এসব অপরাধের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে উক্ত অর্থদণ্ড দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজের নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে নগরীজুড়ে এ ধরনের নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।