নিয়ামতপুরে বাড়ি থেকে ৮ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামে দিনদুপুরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই বাড়ি থেকে নগদ ৮ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুমান দুপুর ১টা থেকে ২টার মধ্যে। গোকুলপুর গ্রামের নরেন্দ্রনাথের ছেলে সুশীল সিকদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
সুশীল সিকদার জানান, তার স্থানীয় বাড়ি আকন্দপুরে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান থাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি গোকুলপুরের বাড়ি তালাবদ্ধ রেখে চলে যান। বিকাল ৪টার দিকে ফিরে এসে ঘরে ঢুকে দেখতে পান সব আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি দেখেন, ঘরের আলমারিতে রাখা নগদ ৮ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নেই।
চোরেরা বাড়ির প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ারড্রব ভেঙে তছনছ করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।