চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬"-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অফিস দল ১-০ গোলে পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উপদেষ্টা মোসাঃ শামীম আরা হক।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল পুলিশ অফিস-এর অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ পুলিশ লাইন্স দলের হাতে রানার্সআপ ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, "শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা পুলিশের সদস্যদের কর্মস্পৃহা ও মানসিক উৎকর্ষ বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য, সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।