রাসিক প্রশাসকের সঙ্গে আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১৯ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে মসজিদ কমিটির নেতারা মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন তারা।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও নগরবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন এবং প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনাও করা হয়।