ভাইভা দিতে এসে রাজশাহী কলেজে সাবেক ছাত্রলীগ নেতা আটক
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা তাকে বোয়ালিয়া মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক সজিব আলী (২৪) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, সজিব আলী মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষায় অংশ নিতে কলেজে আসেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, "তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।