‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে রাজশাহীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে বিশেষ দোয়া এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এই মানবতাবাদী ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
খাবার বিতরণ কর্মসূচির শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তার এই সংগ্রামী জীবন ও আদর্শ দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, মরহুমার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং একটি আধুনিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান নেতৃত্ব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহীন ইকবাল এবং ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি এবং সাবেক যুবনেতা রবিন-উল-হাসান জাহিদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।