রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির এক সভা বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজশাহী নগরভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির মনোনীত সদস্য নির্ধারণ, ব্যাংক হিসাব পরিচালনা, প্রশিক্ষণ কক্ষ ব্যবহারের নীতিমালা, রক্ত কেন্দ্রের জন্য স্ট্যাবিলাইজার ক্রয় এবং যুব রেড ক্রিসেন্ট গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় বক্তারা মানবিক সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, রক্তদান কার্যক্রম জোরদারকরণ এবং দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সিটি ইউনিটের সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।