আরএমপির অভিযানে হেরোইন-ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুর (শেখপাড়া) এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০) এবং রাজশাহী মহানগরীর পবা থানার বড় আমগাছী এলাকার মৃত কছির মন্ডলের ছেলে মো. হাসান (৪২)। বর্তমানে হাসান কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে মতিহার থানার তালাইমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।