জামিনে কারামুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান জামিনে কারামুক্ত হওয়ার পর জেলগেটে তাকে ফুলেল সংবর্ধনা ও উচ্ছ্বসিত অভ্যর্থনা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
বুধবার (১৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারামুক্তির খবর ছড়িয়ে পড়লে জেলা কারাগারের প্রধান ফটকের সামনে আগে থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। কারাগার থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জেলগেট এলাকা।
পরে আব্দুল্লাহ আল রায়হানকে নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কয়েকশ মোটরসাইকেলের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে কারামুক্ত নেতাকে শুভেচ্ছা জানান।
কারামুক্তির পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল্লাহ আল রায়হান সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল গনি আহম্মেদ চৌধুরী, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, গত ৮ মে রাজধানী ঢাকা থেকে গোমস্তাপুর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে জামিন আবেদন মঞ্জুর হলে বুধবার বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।