ব্র্যাক ফিসারিজের উদ্যোগে গোদাগাড়ীতে মাছ চাষে কারিগরি দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাছ চাষের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার তৈমুর চাইনিজ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিসারিজ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৬০ জন মৎস্যচাষী ও খামারি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আনারুল ইসলাম এবং সঞ্চালনা করেন ব্র্যাক ফিসারিজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মমিনুর রহমান।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটর ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা সম্পর্কেও খামারিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের লাভজনকতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নতমানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মুনাব্বেরুল ইসলাম, সার্বিক সহযোগিতায় ছিলেন হাসিবুল হাসান ও সেলস অফিসার হাসনাতুল আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও খামারিরা কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে, যা দেশের মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।