রাজশাহীতে গাছ থেকে শুরু হলো গুটি আম সংগ্রহ
রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। গুটি আম দিয়ে মৌসুমের আম সংগ্রহ শুরু হলেও পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে। শুক্রবার থেকে রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের প্রথম দিকের আম।
সকালে রাজশাহী নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষি ও ব্যবসায়ীরা বাগান থেকে আম সংগ্রহ করছেন। বিশেষ করে পবা উপজেলার কুকন্ডী ও বুধপাড়া এলাকায় কিছু বাগানে গুটি আম পাড়া শুরু হয়েছে। তবে এখনো বড় পরিসরে আম সংগ্রহ শুরু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। বর্তমানে অল্প পরিমাণে আম সংগ্রহ করা হচ্ছে। শনিবার বানেশ্বর হাটে বিক্রির জন্য আম নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে প্রথম দিনে বেশি আম পাড়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
চাষি রেজাউল করিম বলেন, বুধপাড়া এলাকায় গুটি আম নামানো শুরু হলেও এখনো পুরোপুরি পাকা হয়নি। কয়েকদিন পর বাগানগুলোতে ব্যাপকভাবে আম পাড়া শুরু হবে।
কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত বন্ধ এবং আমের গুণগত মান নিশ্চিত করতেই নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হচ্ছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাতের অনুমতি দেওয়া হবে।
এদিকে বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম বছরজুড়েই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এবার প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি টাকারও বেশি।