নতুন পুলিশ কমিশনার পেল আরএমপি, কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা
রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন নেতৃত্ব পেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ফয়েজুল কবির।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন কমিশনারের যোগদানের মধ্য দিয়ে আরএমপির কার্যক্রমে আরও গতি, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়বে বলে নগরবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
মোহাম্মদ ফয়েজুল কবির ১৯৭৪ সালে কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি পদে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)–তে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট মহলের মতে, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে আরএমপির চলমান কার্যক্রম আরও গতিশীল হবে। নগরবাসীর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক পুলিশিংয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জ পুলিশ–এ যোগদানের উদ্দেশ্যে নবাগত কমিশনারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।