বিপিএম (পুলিশ পদক) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা
রাজশাহীর বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সিফাত রেজা বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বিপিএম (পুলিশ পদক)’ অর্জন করেছেন। ২০২৬ সালের জন্য মনোনীত এই পদক তার পেশাগত দক্ষতা, সাহসিকতা ও একনিষ্ঠতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও জটিল মামলার সফল তদন্ত সম্পন্ন করেছেন। বিশেষ করে ক্লু-লেস ডাকাতি মামলা উদঘাটন, র্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা রহস্য উন্মোচন, চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং হারিয়ে যাওয়া এক প্রতিবন্ধী শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো মানবিক ও ঝুঁকিপূর্ণ কাজে অসামান্য অবদান রাখেন।
এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের বাছাইকৃত ১০৭ জন কর্মকর্তার তালিকায় স্থান করে নিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জ থেকে একমাত্র কর্মকর্তা হিসেবে এসআই সিফাত রেজা এ বছরের বিপিএম (পুলিশ পদক) অর্জন করেছেন, যা এ অঞ্চলের জন্য গর্বের বিষয়।
এ বিষয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে আগামী ২ মে ২০২৬ তারিখে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক বলেন, “সিফাত রেজার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে প্রতিকূল পরিবেশে জীবনবাজি রেখে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের যথাযথ স্বীকৃতি দিলে অন্যরাও উৎসাহিত হবে এবং এতে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।