বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন
রাজশাহীর বাঘায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধান ও মূল ৪ দফা সহ বেশ কিছু সমস্যার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে 'বাঘার সর্বস্তরের সচেতন নাগরিক' এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনের মূল উদ্যোক্তা ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা, বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুমন। তার নেতৃত্বে এলাকার সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে, মিজানুর রহমান সুমন বলেন, "বাঘা আম চত্বর থেকে বাঘা বাজারের শেষ মাথা পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। আমরা চাই দ্রুততম সময়ে এই রাস্তা সংস্কার করা হোক এবং বাজারের যানজট কমাতে বড় যানবাহনগুলো পুঠিয়া রুট দিয়ে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।"
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "কিছু অসাধু চক্র জ্বালানি তেলের কালোবাজারি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দিতে হবে।"
মানববন্ধনে উত্থাপিত ৪ দফা দাবিগুলো হলো,বাঘা আম চত্বর থেকে বাঘা বাজারের শেষ মাথার রাস্তা দ্রুত সংস্কার এবং বড় গাড়ি পুঠিয়া রুট দিয়ে চলাচল করা। দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রদান। জ্বালানি তেলের কালোবাজারি ও সরকারের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আধুনিকায়ন ও উন্নয়ন নিশ্চিত করা। এছাড়াও বেশ কিছু সমসাময়িক সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থ রক্ষায় এই দাবিগুলো দ্রুত পূরণ করা না হলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।