চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) প্রত্যুষে নাচোল সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহীদ বেদিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল ৯টায় নাচোল উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ, আনসার-ভিডিপি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্যারেড ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
কুচকাওয়াজ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাচোল উপজেলায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।