আধুনিক পদ্ধতিতে আলু চাষ ও ফলন বৃদ্ধিতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কর্মশালা
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলু চাষের আধুনিক কলাকৌশল ও অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় কৃষকদের আলু চাষের আধুনিক প্রযুক্তি ও রোগবালাই দমনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. নয়ন আলী এবং ব্র্যাক সিডের রাজশাহী রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. আরিফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার টেরিটোরি ম্যানেজার মো. মিরাজ বিল্লাহর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার ব্র্যাক সিড ডিলার মো. কাফি আব্দুল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আয়োজিত কর্মশালায় বক্তারা গুণগত মানসম্পন্ন আলু উৎপাদন ও ফলন বৃদ্ধিতে ব্র্যাকের বীজ আলুর গুরুত্ব তুলে ধরেন। চাষাবাদের আধুনিক পদ্ধতি হিসেবে মাটি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং সঠিক দূরত্বে বীজ রোপণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক ব্যবহার এবং সেচ প্রয়োগের সময়সূচী মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলুর মড়ক বা ‘লেইট ব্লাইট’ রোগসহ রাইজোকটোনিয়া, স্ক্যাব ও কাণ্ডপচা রোগের আধুনিক প্রতিকার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে জাব পোকা (এফিড) দমনের রাসায়নিক ও ম্যানুয়াল পদ্ধতিগুলো কৃষকদের হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার মো. নয়ন আলী বলেন, “শুধু চাষ করলেই হবে না, ফসল সংগ্রহের আগের ও পরের ব্যবস্থাপনাও অত্যন্ত জরুরি।” তিনি কৃষকদের হাল্মপুলিং পদ্ধতি, সঠিক সময়ে সেচ বন্ধ করা এবং আলু সংরক্ষণের আগে ফিল্ড কিউরিং ও গ্রেডিং করার সময় সতর্ক থাকার আহ্বান জানান।
আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক সিড জানায়, দেশব্যাপী কৃষক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে আলু চাষে ঝুঁকি কমবে এবং হাইব্রিড জাতের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব হবে।