শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, সংবর্ধনা পেলেন ২০০ শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষের চারা বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ।
শনিবার (১৪ নভেম্বর) শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ছাত্রদল নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা দিয়ে সংবর্ধিত করা হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. এম. গোলাম আরিফ, উপদেষ্টা সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আবুল বাশার সোলায়মান স্বপন, মাসুদ রানা, জারজিস আলম, জাহিদুল ইসলাম জাহিদ, মশিউর রহমান বকুল, খাদিমুল ইসলাম ও শহিদ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা। এ সময় চককীর্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার এ আলম উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করতে হলে দলের অভ্যন্তরীণ বিভেদ, অনৈক্য এবং নেতৃত্বের সংকট দূর করতে হবে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। অতীতে জেলার রাজনৈতিক বাস্তবতায় অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্যের কারণে বিএনপি তিনটি সংসদীয় আসনেই প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি বলে তাঁরা মন্তব্য করেন।
আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তিগত স্বার্থ, মতপার্থক্য ও বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। ইউনিয়ন পর্যায়ে আলোচনার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ, সাংগঠনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দলকে চাটুকারিতা ও দালালমুক্ত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন। তাঁদের মতে, রাজনীতিতে প্রকৃত ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাকর্মীদের মূল্যায়ন করা হলে সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
রাজনৈতিক আলোচনার পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন বক্তারা। তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। একই সঙ্গে কৃষি উৎপাদন, সেচব্যবস্থা ও জনজীবনের সুবিধার্থে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। রাজনীতি কেবল ক্ষমতা বা দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে পরিচালিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভা শেষে দুপুরে অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরে অতিথি ও সংগঠনের নেতারা দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরির এ উদ্যোগ উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অংশ গম্ভীরা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, ১৯৮৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৪০০ সাবেক নেতাকর্মীকে নিয়ে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
তাঁদের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে সাংগঠনিক ভূমিকা পালন, খাল খনন, বৃক্ষরোপণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মতো কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও রাজনৈতিক ঐক্য জোরদার করার পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।