রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় জালিয়াতি, বগুড়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় জালিয়াতি, বগুড়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

favicon
নওগাঁ প্রতিনিধি:
ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় জালিয়াতি, বগুড়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্বামী-স্ত্রী। (পুলিশের সরবরাহ করা ছবি)

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা অতিক্রম করে ডিজিটাল লেনদেন ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় নওগাঁর বদলগাছী উপজেলার এক ব্যক্তি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে ধারাবাহিকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়।

টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং জালিয়াতিতে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। পুলিশ জানায়, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা থেকে এক লাখ টাকা সীমার ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করা হয়। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে ওই ক্রেডিট কার্ডের পাশাপাশি পূবালী ব্যাংকের এটিএম ও ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) বুথের সঙ্গে যুক্ত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকের হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত লেনদেন করা হয়।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের ভাষ্য অনুযায়ী, শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হতো। পরে কৌশল পরিবর্তন করে প্রতিটি লেনদেনের পরিমাণ বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের ধারণা, দীর্ঘ সময় ধরে একাধিক লেনদেনের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়ার এই ঘটনায় ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থার নিরাপত্তা ও অনুমোদন যাচাই প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে নির্ধারিত ক্রেডিট সীমার চেয়ে বহুগুণ বেশি অর্থ কীভাবে লেনদেন করা সম্ভব হলো, তা তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

পুলিশ সুপার আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সূত্র ব্যবহার করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বগুড়া সদরের বিভিন্ন এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের একটি কাঠের আলমারিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। অবশিষ্ট অর্থের একটি অংশ বিলাসী জীবনযাপনে ব্যয় করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো কর্মকর্তা-কর্মচারী, প্রযুক্তিগত কোনো ত্রুটি কিংবা অন্য কোনো ব্যক্তি বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো অর্থ লেনদেনের প্রক্রিয়া, ব্যবহৃত কার্ড ও ব্যাংকিং চ্যানেল এবং অর্থের গন্তব্য শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ঘটনাটি দেশের ডিজিটাল ব্যাংকিং ও আন্তঃব্যাংক লেনদেন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে একটি নির্দিষ্ট সীমার ক্রেডিট কার্ড ব্যবহার করে কীভাবে শত শত লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা স্থানান্তর করা সম্ভব হলো, তা স্পষ্ট হওয়া জরুরি। তদন্তে ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তা, লেনদেন পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্তের ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা বেরিয়ে এলে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।