গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে এসিল্যান্ডের নিরলস তদারকি
রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত এবং তেলের পাম্পগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রম সফল করতে নিরলসভাবে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
সম্প্রতি বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করতে পারেন, সেজন্য নিয়মিত তদারকি করছেন তিনি। বিশেষ করে কৃষিকাজ ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই জ্বালানি নিয়ে যাতে কেউ কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা অবৈধভাবে মজুত না করে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন এই কর্মকর্তা।
তদারকি চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম পাম্প মালিক ও কর্মচারীদের তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে তেল সংগ্রহের জন্য সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করেন তিনি।
উপজেলা প্রশাসনের এই তৎপরতার বিষয়ে সাধারণ গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে জানান, প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের কারণে পাম্পগুলোতে অহেতুক জটলা বা বিশৃঙ্খলা অনেকটাই কমেছে।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, "জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি সংকট তৈরির চেষ্টা করে বা নিয়ম অমান্য করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।"