রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে ‘হত্যার হুমকি’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ‘হত্যার হুমকি’ দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব।
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ওই পোস্টে সম্মতি জানিয়েছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
ফেসবুক পোস্টে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও বিএনপি নেতা মির্জা আব্বাসের ছবি পোস্ট করে ক্যাপশনে আসাদুল্লাহ-হিল-গালিব লেখেন, দয়া করে আমার ক্যাম্পাসটাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।
একই পোস্টে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে তিনি লেখেন, ছোট ভাই, প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে, তুমি অন্তত প্লেনে ঢাকা যেও। তা না হলে যমুনার আগে বা পরে কিছু একটা হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।
ওই পোস্টে মন্তব্য করেছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু। মন্তব্যে তিনি লেখেন, আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখেন।
এ বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, পোস্টটি আমি এখনো দেখিনি। তবে একজনের মাধ্যমে বিষয়টি জেনেছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে মাঝেমধ্যেই এ ধরনের পোস্ট দিয়ে বলা হয় নেক্সট টার্গেট আমি। এগুলো আমার কাছে খুব একটা কনসার্নের বিষয় নয়।
তিনি বলেন, আল্লাহর দেওয়া জান আল্লাহই নিয়ে যাবেন। এজন্য আমি ঘর থেকে বের হবো না বা প্রোটোকল বাড়াবো এমন কিছুই না। এ ধরনের হুমকিতে আমি ন্যূনতম ভীত-সন্ত্রস্ত নই। আমি আমার কাজ চালিয়ে যেতে চাই।
গালিবের প্রসঙ্গে আম্মার বলেন, ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালীনও তার কোনো পাওয়ার ছিল না। এরকম একজনের পোস্টকে গুরুত্ব দেওয়া মানেই তাকে গুরুত্ব দেওয়া। তাই এসব হুমকিতে ভীত হওয়াটা আমার জন্য সময়ের অপচয়।