গোদাগাড়ীতে কোনো অপরাধের প্রশ্রয় নেই
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, গোদাগাড়ীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় গোদাগাড়ী উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ এবং যানজট নিরসনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যবৃন্দ।
সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে নোট করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন গোদাগাড়ীকে একটি আদর্শ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে হবে।
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন সভার সমাপ্তি ঘোষণা করে বলেন, প্রধান অতিথির নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানো হবে।