সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, নেপালের বিদায়
নেপালকে ৯ উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ে শেষ আটের টিকিট কাটল শাই হোপের দল। অন্যদিকে টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল নেপালের।
রোববার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের বোলিং তোপে পড়ে নেপাল। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে বড় লজ্জার মুখে পড়ে দলটি। কুশল ভুর্তেল (১), অধিনায়ক রোহিত পাওদেল (৫) ও আসিফ শেখরা (১১) ব্যর্থ হন।
তবে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লড়াই করেন দীপেন্দ্র সিং আইরি। ষষ্ঠ উইকেটে সোমপাল কামিকে নিয়ে গড়েন ৫৪ রানের লড়াকু জুটি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এই উইকেটে নেপালের সর্বোচ্চ। দীপেন্দ্র ৪৭ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৮ রান করেন। শেষদিকে সোমপালের অপরাজিত ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি পায় নেপাল। উইন্ডিজের হয়ে জেসন হোল্ডার একাই শিকার করেন ৪ উইকেট।
১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং ২২ রান করে নন্দন যাদবের বলে ফিরলেও তা দলের জয়ে বাধা হতে পারেনি। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও শিমরন হেটমায়ার গড়েন ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি। হোপ ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানে এবং হেটমায়ার ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। তাদের দাপুটে ব্যাটিংয়ে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ম্যাচসেরা হন জেসন হোল্ডার।