চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নাসিরুদ্দিন বাসু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রান্তিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। নিহত নাসিরুদ্দিন বাসু সদর মডেল থানার প্রান্তিকপাড়ার আত্তাব মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে প্রান্তিকপাড়া এলাকায় সরকারি ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে নুরী বেগম ও অপর পক্ষ লাইলা বেগমের পরিবারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি শান্ত করতে গেলে নুরী বেগমের পরিবারের লোকজন নাসিরুদ্দিন বাসুকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ প্রান্তিকপাড়ার নিয়াজ, মেহেদী, রফিক, মো. বাবু, নুরী বেগম, খতিজা বেগম এবং মসজিদপাড়ার সোহাগীকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।