তানোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ
রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় তৈরি অবৈধ ফেন্সিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে এবং তানোরে দায়িত্বরত সেনা সদস্যদের অংশগ্রহণে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।