বেতন পরিশোধের দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে রানিং স্টাফদের বিক্ষোভ
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রানিং স্টাফ ও কর্মচারীদের ডিসেম্বর ২০২৫ মাসের বেতন পরিশোধের দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং–বি–১৮৭৮) আয়োজিত এ সমাবেশে প্রায় ১৫ থেকে ২০ জন কর্মচারী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, রাজশাহী শাখার সভাপতি মো. আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক শামীম আকতারসহ অন্যান্য কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর ২০২৫ মাসের বেতন যথাসময়ে পেলেও রেলওয়ের রানিং স্টাফরা এখনো বেতন পাননি। নির্ধারিত সময়ে বেতন পরিশোধে জটিলতা সৃষ্টি হতে পারে আশঙ্কায় সংগঠনের পক্ষ থেকে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত বেতন পাওয়ার কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে লোকো রানিং স্টাফদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
নেতারা আরও ঘোষণা দেন, আগামী ১২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ডিসেম্বর ২০২৫ মাসের নিয়মিত বেতন পরিশোধ না করা হলে রাজশাহীর বাইরে ট্রেন চলাচল বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল) কে বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।