মুসাব্বির হত্যাকাণ্ড: প্রধান শুটার জিনাতসহ আটক তিন
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান শুটার হিসেবে চিহ্নিত জিনাত এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন একজন—বিল্লাল।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)।
এই ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের অংশ হিসেবেই সাম্প্রতিক এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।