চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ প্রার্থীর বিপরীতে ১২ প্রার্থী বৈধ
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এ সময় সব প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাঃ আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে একই দলের প্রার্থী মোঃ খুরশীদ আলম বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মোঃ ফজলুর ইসলাম খাঁন।
এ দিকে, হলফনামায় অসঙ্গতি তথ্য থাকায় চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থী ইসলামী আন্দোলনের মোঃ মনিরুল ইসলাম।
এর আগে তিনটি আসনে সব মিলিয়ে ২১ জন মনোনয়ন সংগ্রহ করলেও মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ১২ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন।