রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়াস্থ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির প্রতি তার ভূমিকা স্মরণ করা হয়। পরে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।