পেশাগত দক্ষতা অর্জনে খুলনা জেলা পুলিশ পরিদর্শন করলেন ৪৪তম বিসিএস পুলিশ কর্মকর্তারা
বাস্তবমুখী প্রশাসনিক ও মাঠপর্যায়ের পুলিশিং অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে খুলনা জেলায় স্টাডি ট্যুরে আগমন করেছেন ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ (এএসপি)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) খুলনা জেলায় পৌঁছালে তাঁদের আন্তরিক স্বাগত জানান খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক।
সফর উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ স্বাগত ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে আগত নবীন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে খুলনা জেলার ঐতিহাসিক পটভূমি এবং খুলনা জেলা পুলিশের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। পাশাপাশি জেলা পুলিশের সামগ্রিক সাংগঠনিক কাঠামো, জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মপরিধি, থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের মাঠপর্যায়ের কার্যক্রম এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পুলিশের আধুনিক ডিজিটাল সেবাসমূহ নিয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এছাড়াও জেলা পুলিশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং খুলনা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ের পুলিশিং সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান প্রদান করা হয়।
স্বাগত বক্তব্যে পুলিশ সুপার সরকার ওমর ফারুক নবীন কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, সততা ও দক্ষতা বৃদ্ধিতে এই স্টাডি ট্যুরের অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। একইসাথে তিনি আগামী দিনে একটি জনবান্ধব ও আধুনিক বাংলাদেশ পুলিশ বাহিনীকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষানবিশ কর্মকর্তাদের উৎসাহিত করেন।
মতবিনিময় সভায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র পিপিএম-সেবা, খুলনায় কর্মরত সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।