চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, রাজশাহীতে তরুণীর মৃত্যু
রাজশাহীতে স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেল চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা মো. অনিকের স্ত্রী।
রাজশাহী রেলওয়ে থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনিক ঢাকায় একটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসেন। স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটি ছেড়ে দিলে অনিক দৌড়ে আগে ট্রেনে ওঠেন। এরপর চলন্ত অবস্থায় স্ত্রীর হাত ধরে তাঁকে ওপরে তোলার চেষ্টা করেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক রনি সাহা জানান, ট্রেনে ওঠানোর সময় রুপা খাতুনের হাত ফসকে যায় এবং তিনি নিচে পড়ে যান। এ দৃশ্য দেখে স্বামী অনিক তাৎক্ষণিকভাবে ট্রেন থেকে নেমে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত রুপাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনায় স্টেশন এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। রেল কর্তৃপক্ষ যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠা ও নামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।