মঙ্গলবার, 10 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › জমকালো আয়োজনে ১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি

জমকালো আয়োজনে ১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি

favicon
স্টাফ রিপোর্টার :
জমকালো আয়োজনে ১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি
রাজশাহীতে জমকালো আয়োজনে দ্বিতীয়বারের মতো ১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশের প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়ামোদী মানুষ, সাবেক ফুটবলার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সামাজিক সংগঠন ‘ভোরের শিশির’-এর উদ্যোগে এ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। গত বছরের তুলনায় এবার আরও বর্ণাঢ্য ও বড় পরিসরে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। এতে স্থানীয় তরুণ, ফুটবলপ্রেমী এবং বিভিন্ন দলের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিপ্লবী দলের সদস্যসচিব ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফয়সাল শেখ।

এ সময় বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর নুরুজ্জামান টিটুর বড় ভাই লোকমান হোসেন (বুড্ডা)। এছাড়া ‘ভোরের শিশির’ সংগঠনের অন্যতম সদস্য রনি, সজীব ও আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে সাবেক ও স্বনামধন্য ফুটবলারদের উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। রাজশাহীর সাবেক তারকা ফুটবলার আদনান, সুমন, সাবেক তারকা গোলরক্ষক পলাশ, রব আলী, ফরিদ ও ইমরানসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখেরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের উপস্থিতি নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ ফয়সাল শেখ বলেন, এ আয়োজনের সাফল্যের পেছনে কোনো একক ব্যক্তির কৃতিত্ব নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার ফলেই এত সুন্দর একটি আয়োজন সম্ভব হয়েছে। যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে ফয়সাল শেখ আরও বলেন, নতুন প্রজন্মের শিশুরা যেন সুস্থ বিনোদনের সুযোগ পায় এবং মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে ওঠে, সে লক্ষ্যেই এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। এ উদ্যোগ সফলভাবে এগিয়ে নিতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্লেয়ার ড্রাফট পর্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করেন। খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক আমেজ।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্লেয়ার ড্রাফট সম্পন্ন হওয়ায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। খুব শিগগিরই প্রতিযোগিতার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে। এরপর মাঠে শুরু হবে বহুল প্রতীক্ষিত ফুটবল লড়াই।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা আরও গতিশীল হবে, নতুন খেলোয়াড় উঠে আসবে এবং তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠবে।