চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আমিনুল ইসলাম। আজ জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির নেতা দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হক সহ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন আমিনুল ইসলাম। এ সময় তিনি নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি কড়া নির্দেশনা দেন।
তিনি বলেন, আমরা জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি। আপনারা ভোটারদের বাড়ি বাড়ি যান, তাঁদের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন এবং ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করুন। কোনো অবস্থাতেই যেন শান্তি-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।