রাজশাহীতে রবি বোলার হান্ট সম্পন্ন
দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত বোলিং প্রতিভা চিহ্নিত করে তাদের ভবিষ্যৎ তারকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রবি বোলার হান্ট’ বিভাগীয় বাছাইপর্ব। রবি আজিয়াটা পিএলসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর যৌথ উদ্যোগে রবিবার (৪ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের জন্য আয়োজিত এই বাছাইপর্বে অংশ নেন রাজশাহী বিভাগের প্রায় দুই হাজার তরুণ-তরুণী। দিনভর বিভিন্ন শারীরিক ও কৌশলগত পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্য থেকে দুইজন নারী ক্রিকেটারসহ মোট ১৬ জন সম্ভাবনাময় বোলারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বাছাইপর্ব শেষে বিকেলে একই ভেন্যুতে এক বর্ণাঢ্য আয়োজনে নির্বাচিত খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির রিজিওনাল হেড রাজু আহমেদসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নির্বাচিত বোলারদের অভিনন্দন জানিয়ে বলেন, তৃণমূলের প্রতিভাকে উন্মোচিত করার এই প্ল্যাটফর্মে যারা স্থান করে নিয়েছে, তাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী হবে। সঠিক পরিচর্যা ও কঠোর অনুশীলনের মাধ্যমে এই তরুণেরা অচিরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দেশজুড়ে ক্রিকেটারদের সুযোগ তৈরির এই সুদূরপ্রসারী উদ্যোগের জন্য বিসিবি এবং রবি আজিয়াটা পিএলসি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, নির্বাচিত এই ১৬ জন ক্রিকেটারকে পরবর্তীতে বিসিবির বিশেষজ্ঞ কোচদের তত্ত্বাবধানে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের জাতীয় দলের ভবিষ্যৎ পাইপলাইনে যুক্ত হতে সহায়তা করবে।