প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও নগরীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং সাংবাদিক অঙ্গনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রাসিক প্রশাসক বলেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা ও ক্ষয়ক্ষতি সৃষ্টি হলো। তাঁর চিরবিদায়ে রাজশাহীর সাংবাদিকতা মহল একজন দক্ষ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সমাজ বিনির্মাণে তাঁর দীর্ঘ কর্মময় অবদান রাজশাহীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নেতা সাইদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।